হাওড়ায় ঝুলন্ত দেহ, কলকাতায় কুয়োয় মিলল মৃতদেহ
সোমনাথ মুখোপাধ্যায়: Rong News
কলকাতা ও হাওড়া
শুক্রবার সকালে হাওড়ার ডোমজুড় থানা এলাকার সরস্বতী ব্রিজের কাছে একটি ধাবায়, ধাবা কর্মচারীর ঝুলন্ত মৃতদেহকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রের দাবি, শুক্রবার সকালে ওই ধাবার কর্মচারীর মৃতদেহকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে থানায় একটি ফোন আসে যে সরস্বতী ব্রিজের কাছে ওই ধাবারই এক কর্মচারীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখা গিয়েছে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, মৃতের নাম সতীশ সিং। তার বাড়ি হাওড়াতেই।

পুলিশ গিয়ে মৃতদেহটি নামিয়ে ময়না তদন্তে পাঠায়। এটি আত্মহত্যা না খুনের ঘটনা সেই নিয়ে ধোঁয়াশায় পুলিশ। ডোমজুড় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করার পাশাপাশি ধাবার অন্যান্য কর্মচারী, এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছেন ডোমজুড় থানা আধিকারিকরা।

অন্যদিকে শুক্রবার সকালে একটি পরিত্যক্ত পাতকুয়ো থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানার অন্তর্গত সোদপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে তাঁকে সোদপুর এলাকার একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন স্থানীয় থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে হরিদেবপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। মৃত মহিলার পরিচয় জানা যায়নি। এটি আত্মহত্যা না খুনের ঘটনা সে বিষয়ে গভীর অন্ধকারে পুলিশ। হরিদেবপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানা।

Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
Follow us on www.rongmilanti.in
