স্কুল খোলা রাখার পক্ষেই সওয়াল প্রধানশিক্ষকদের

স্কুল খোলা রাখার পক্ষেই সওয়াল প্রধানশিক্ষকদের

সোমনাথ মুখোপাধ্যায়: রঙমিলান্তি
কলকাতা

৫০ শতাংশ শিক্ষক ও ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে চালু থাকুক স্কুল। কোভিড পরিস্থিতিতে এটাই চাইছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হয়, রাজ্যের স্কুলগুলি খোলা নিয়ে আরো একবার নতুন করে চিন্তাভাবনা করা উচিত রাজ্য শিক্ষা দপ্তরের। এ বিষয়ে অবিলম্বে নির্দেশিকা জারির দাবি জানিয়েছে সংগঠন। এছাড়াও কলেজ, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও ৫০ শতাংশ শিক্ষক ও পড়ুয়া অনুপাতে খোলা রাখার বিষয়ে সওয়াল করা হয় সংগঠনের পক্ষ থেকে।

রাজ্যে দ্রুত ছড়াচ্ছে করোনা। সঙ্গে দোসর নতুন ভেরিয়েন্ট ওমিক্রণ। করোনা মোকাবিলায় আজ থেকেই আংশিক লকডাউনের পথে হাঁটছে রাজ্য। নবান্নের তরফে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর জারি করা কোভিড মোকাবিলার নয়া নির্দেশিকা অনুযায়ী বন্ধ থাকছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ৫০ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। সেক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান বাদ থাকবে কেন। প্রশ্ন তুলেছেন প্রধান শিক্ষক শিক্ষিকা সংগঠনের সদস্যরা। রবিবার কলকাতায় সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, কোভিড পরিস্থিতি চললেও নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস গত নভেম্বর মাস থেকে শুরু হয়। কিন্তু দেখা গিয়েছে তাতে পড়ুয়াদের কোভিডে আক্রান্তের সংখ্যা কোন ভাবেই বৃদ্ধি পায়নি। সেইরকম কোনো তথ্য সামনে উঠে আসেনি। সেক্ষেত্রে স্কুল খোলার বিষয়ে আরো একবার বিবেচনা করা উচিত রাজ্য সরকারের। তিনি আরো বলেন, বারবার পঠন পাঠন থমকে যাওয়ার ফলে স্কুলের প্রতি বাঁধন আলগা হচ্ছে পড়ুয়াদের। ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ভবিষ্যৎ। অবিলম্বে ৫০ শতাংশ শিক্ষক ও ৫০ শতাংশ ছাত্র ছাত্রী নিয়ে অল্প সময়ের জন্য স্কুল খুলে রাখার কথা ভাবা যেতে পারে। এতে করে নিয়মিত পঠন পাঠন চালু থাকবে। ছাত্র ছাত্রীদের পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বিষয়টি আরো একবার গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত সরকারের।

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *