অনির্দিষ্টকালের জন্য স্থগিত রইলো দুয়ারে সরকার
সোমনাথ মুখোপাধ্যায়: রঙ মিলান্তি
কলকাতা
দ্রুত বাড়ছে করোনা। একইসঙ্গে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রণ। সেই কারণেই সোমবার ৩রা জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দুয়ারে সরকার কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। একইসঙ্গে ছাত্র সপ্তাহ কর্মসূচি আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে। এর পাশাপাশি কোভিড বিধিনিষেধ পালনেও কড়াকড়ি করতে চলেছে সরকার বলে জানানো হয় নবান্নের পক্ষ থেকে।
বছরের প্রথম দিনেই পয়লা জানুয়ারি কলকাতায় ৪৫১২ জন সংক্রামিত হয়েছেন। শুধু এক দিনেই কলকাতায় ২৩৯৭ জন সংক্রমিত হয়েছেন। এর পাশাপাশি রাজ্যে সক্রিয় সংক্রমণের সংখ্যা ১৩০০০। কলকাতার পাশাপাশি করোনা তার থাবা বিস্তার করেছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান সহ উত্তরবঙ্গেও। একে উদ্বেগজনক পরিস্থিতি বলে জানিয়েছে নবান্ন। উদ্বেগ প্রকাশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, করোনার এই পরিস্থিতিতে আংশিক কঠোর বিধিনিষেধের পথে হাঁটতে পারে রাজ্য। নবান্ন সূত্রে আরো জানা গিয়েছে, ৩ তারিখ থেকে বন্ধ থাকবে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ থাকবে ক্লাব, পার্লার, বার, রেস্তোরাঁ, সিনেমা হল। পাশাপাশি করা যাবে না বড়ো ধরনের কোনো জমায়েত বা অনুষ্ঠান। এছাড়াও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, সোমবার থেকে সব মামলার শুনানি হবে ভার্চুয়াল মাধ্যমে।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
