১লা জানুয়ারি বন্ধ থাকছে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ
সোমনাথ মুখোপাধ্যায়: রঙমিলান্তি
কলকাতা
পয়লা জানুয়ারি বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির। পাশাপাশি বন্ধ থাকবে বেলুড় মঠও। করোনা পরিস্থিতি নিয়ে এমনই সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর মন্দির কমিটিও সেই পথে হেঁটে দর্শনার্থীদের জন্য বছরের প্রথম দিনে মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
করোনা অতিমারি পরিস্থিতিতে দক্ষিণেশ্বর মন্দির খোলার পর থেকেই নানা রকম বিধিনিষেধ মেনে পুজো দিতে হচ্ছিল মন্দিরে। পয়লা জানুয়ারি মানেই দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের লম্বা লাইন পড়ে। প্রতিবছর এটাই দস্তুর। বর্তমানে করোনা সংক্রমণের গ্রাফ উর্দ্ধমুখী। সঙ্গে চলছে নয়া স্ট্রেন ওমিক্রণের চোখ রাঙানি। সেই কারণেই পয়লা জানুয়ারি কোনোভাবেই ঝুঁকি নিতে রাজি নয় মন্দির কর্তৃপক্ষ। তাই এ বছর সেই পরিচিত দর্শনার্থীদের লম্বা লাইনের ছবি দেখা যাবে না। বন্ধ থাকবে মন্দির। মন্দির কমিটির তরফে জানানো হয়, বিপুল জনসমাগম থেকে সংক্রমণ ঠেকাতেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পয়লা জানুয়ারি ঠাকুর রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব উপলক্ষে এমনিতেই দক্ষিণেশ্বরের পাশাপাশি গঙ্গার অপর পাড়ে বেলুড় মঠে প্রচুর ভিড় হয়। সংক্রমণের মোকাবিলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় বেলুড় মঠের তরফে।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
