হাওড়ার অপহৃত শিশু উদ্ধার দিল্লিতে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
হাওড়া
হাওড়ায় শিশু অপহরণ মামলার দ্রুত কিনারা করে বড়োসড়ো সাফল্যের মুখ দেখলো হাওড়া পুলিশ। ৫ বছরের শিশুপুত্রটিকে দিল্লি থেকে উদ্ধার করলো হাওড়া সিটি পুলিশের অন্তর্গত মালিপাঁচঘরা থানার বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ই জানুয়ারি হাওড়া সিটি পুলিশের মালিপাঁচঘরা থানার অন্তর্গত তাঁতিপাড়া এলাকা থেকে একটি শিশু অপহরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে স্থানীয় মালিপাঁচঘরা থানা। রুজু হয় অপহরণের মামলা। তদন্তে নেমে শিশুটির পরিবারের সদস্যদের ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশের দৃঢ় সন্দেহ হয় যে অপহরণের পিছনে আছে পরিবারের কেউ। এরপরই পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। চকোলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে অপহরণ করে তারই কাকা।চকোলেটের লোভ দেখিয়ে বাড়ি থেকেই তাকে নিয়ে চম্পট দেয় সে। জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি হাওড়া স্টেশনের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকেই হদিস মেলে শিশুটিকে ট্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। এরপরই ২৫ তারিখ দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয় পুলিশ। শিশুটির মা পুলিশের সঙ্গে দিল্লি যান। বুধবার ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লি থেকে শিশুটিকে উদ্ধার করেন মালিপাঁচঘরা থানার বিশেষ তদন্তকারী দলের আধিকারিকরা। একইসঙ্গে গ্রেপ্তার করা হয় শিশুটির কাকাকে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, বর্তমানে শিশুটি দিল্লিতে তার মায়ের কাছেই আছে। বৃহস্পতিবার তাকে দিল্লির আদালতে পেশ করার পর দ্রুত আইনি প্রক্রিয়া শেষ হলেই শিশু ও তার মাকে নিয়ে হাওড়া ফিরবে পুলিশ। সঙ্গে ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকেও হাওড়া নিয়ে আসার প্রক্রিয়া দ্রুত করছে পুলিশ।

Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
